logo

হাতিরঝিলে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১

হাতিরঝিলে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১
গ্রেপ্তার আক্তার হোসেন ওরফে কুদ্দুস। ছবি: এসআরবি

রাজধানীর হাতিরঝিলের বাগিচারটেকে প্রবাসী সানাউল্লাহ গনিকে গুলি ও রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় এজাহারভুক্ত আসামি আক্তার হোসেন ওরফে কুদ্দুসকে (৪২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট এন্ড মিডিয়া) মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

Advertisement

তিনি জানান, হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার পূর্বউলন এলাকার ৫/৩ নম্বর বাসার সামনে থেকে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কুদ্দুসের বাড়ি পশ্চিম রামপুরার ৫/৩ নম্বর এলাকায়। তার বাবার নাম মৃত রফিউদ্দিন।

অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সানাউল্লাহ গনি (৩৫) একজন প্রবাসী। জন্মের পর থেকেই তিনি রামপুরার বাগিচারটেক এলাকায় বসবাস করতেন। দুই মাস আগে কাতার থেকে দেশে ফেরেন তিনি।

অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তার কুদ্দুস মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। ওই চক্রের অবৈধ কর্মকাণ্ডে সানাউল্লাহ ও তার বন্ধুরা বাধা দেওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ২১ নভেম্বর মেসেঞ্জারে সানাউল্লাহর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে চক্রের সদস্যরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি কর্মকর্তা ইমরান জানান, গত ২৩ নভেম্বর দুপুর ১টা ২০ মিনিটের দিকে বাগিচারটেক গ্যারেজপট্টির একটি গ্যারেজে ঢুকে দারোয়ানদের মারধর করে হামলাকারীরা। এ সময় গ্যারেজের সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করা হয়। পরে গ্যারেজ মালিককে খুঁজতে থাকে তারা। মালিককে না পেয়ে বের হওয়ার সময় পাশের গলিতে সানাউল্লাহকে দেখতে পায় হামলাকারীরা।

এ সময় পূর্ববিরোধ ও চাঁদার টাকা না দেওয়ার জেরে তার পথরোধ করে হামলাকারীরা। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করে।

এসআরবি-৩ জানায়, হাতিরঝিল থানার অধিযাচনের পর মামলাটি নিয়ে ছায়া তদন্ত শুরু করে ব্যাটালিয়নটি। এর ধারাবাহিকতায় এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি।