logo

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
মো. রাজা ওরফে পিচ্চি রাজা। ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী মো. রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচজন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আদালত থেকে কাশিমপুর কারাগারে ফেরার পথে গাজীপুরে প্রাকৃতিক কাজ (প্রস্রাব) করার কথা বলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন—কারাগার থেকে আসামি আদালতে আনা নেওয়ার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন উপ-পরিদর্শক (সশস্ত্র), একজন নায়েক ও ৩ জন কনস্টেবলসহ মোট ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভারপ্রাপ্ত কমিশনার তাহেরুল হক আরও বলেন, ঘটনাটি অনুসন্ধান করতে জিএমপির উপ-পুলিশ কমিশনারকে (সিটিএসবি) প্রধান করে ৩ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী মো. রাজা ওরফে 'পিচ্চি রাজা' রোববার (২৭ সেপ্টেম্বর) পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায়।