টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. লালচান (৬০), মোছা. নাসিমা বেগম (৫০) ও তাদের মেয়ে মোছা. তানিসা আক্তার (১৬)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ তিনজনের শরীরেই ‘ফ্লেম বার্ন’ হয়েছে। এর মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিসার ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, ৩ জনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
