logo

ঘরের চালের ড্রামে কোটি টাকার ইয়াবা, মা-ছেলে আটক

ঘরের চালের ড্রামে কোটি টাকার ইয়াবা, মা-ছেলে আটক
মা মালা বেগম (৬২) ও তার ছেলে মামুন চোকদার। ছবি: ডিএনসি সৌজন্যে

রাজধানীর ভাটারায় একটি ভাড়া বাসার চালের ড্রামের ভেতর থেকে ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ টাকা। এ ঘটনায় মা মালা বেগম (৬২) ও তার ছেলে মামুন চোকদারকে (৩৬) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মা-ছেলের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত মালিক সাহিদা বেগম ইতি। তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে মালা বেগমের বাসায় মজুদ করতেন এবং পরে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচাবাজার সংলগ্ন একটি আবাসিক ভবনের নিচতলার ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে পশ্চিম পাশের কক্ষে থাকা একটি চালের ড্রামের ভেতর থেকে কফি রঙের কাপড়ের ব্যাগ পাওয়া যায়। ব্যাগে কাগজ ও স্কচটেপে মোড়ানো ১৭টি প্যাকেট ছিল। সেগুলোতে ৩৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার ওজন ৩ দশমিক ৪০ কেজি।

ডিএনসি জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী কক্সবাজার থেকে সংগ্রহ করা ইয়াবা ভাটারার ওই বাসায় মজুদ করে গাজীপুরের কোনাবাড়ী, সাইনবোর্ড, টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। তবে এই সরবরাহ চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।