logo

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : বাসস

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা মারুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের বুকের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

স্বজনরা জানিয়েছেন, মারুফের কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। তিনি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তারা।