logo
Advertisement

পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবকের ২ বছরের কারাদণ্ড

এশিয়া পোস্ট প্রতিবেদক
পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবকের ২ বছরের কারাদণ্ড
মো. নজির হোসেন। ছবি: ডিএমপি

রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. নজির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

Advertisement

শনিবার (২২ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, শুক্রবার (২১ আগস্ট) পল্টন এলাকায় অভিযান চালিয়ে নজির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নজির হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি বিশেষ করে মতিঝিল, পল্টন ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকেন্দ্রিক বিভিন্ন মামলার আসামিদের স্বজনদের টার্গেট করতেন।

পুলিশের দাবি, মামলার আসামিদের জামিন, মামলা থেকে অব্যাহতি, সাজা কমানোসহ বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে স্বজনদের কাছ থেকে অর্থ নিতেন নজির। পরে প্রতিশ্রুত সুবিধা না দিয়ে সেই অর্থ আত্মসাৎ করতেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।