logo

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর বহিষ্কার হলেন সেই ‘বড় ডাক্তার’

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর বহিষ্কার হলেন সেই ‘বড় ডাক্তার’

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ‘বড় ডাক্তার’ পরিচয় দিয়ে রোগী ভাগানো সেই প্রতারকের পরিচয় শনাক্তের পর তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই দালালের নাম মো. শহীদুল ইসলাম। তিনি হাসপাতালের জরুরি বিভাগে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত একটি আদেশে তাকে বহিষ্কার করা হয়। 

আদেশে বলা হয়, মো. শহীদুল ইসলাম (ওয়ার্ড বয়) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গত ২৬ ফেব্রুয়ারি আনুমানিক সকাল সাড়ে ৭ টায় হাসপাতালে ভর্তিকৃত রোগী জিন্নাত আলীকে ইমারজেন্সি থেকে তার হার্টে কোনো সমস্যা নেই বলে প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে বলেন এবং তিনি নিজেই গাড়ি ঠিক করে দেন ও লোক দিয়ে ওই হাসপাতালে দিয়ে আসেন।

যেহেতু তিনি রোগীকে পরীক্ষা করেছেন এবং তার হার্টে সমস্যা নেই, সমস্যা মাথায়, তাকে আইসিইউতে ভর্তি করতে হবে বলে মিথ্যাচার করেছেন। তিনি নিজেকে বড় ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করেছেন। এদিকে প্রাইভেট হাসপাতালে রোগীকে আড়াই ঘণ্টা আটকে রাখায় বেলা ২টায় রোগী আরও অসুস্থ হয়ে পড়ে এবং রিলিজ করার পর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে রোগীকে আনা হলে বিকাল ৩ টা ২০ মিনিটে রোগী মারা যায়।

আদেশে আরও বলা হয়, মো. শহীদুল ইসলামকে কর্মরত রাখা হলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ হতে পারে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হবার সম্ভাবনা রয়েছে। সেহেতু তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিত তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সরকারি বিধি মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি খোরপোষ ভাতাদি প্রাপ্য হবেন।

প্রসঙ্গত, গত ৩ মার্চ এশিয়া পোস্টে প্রতারণার বিষয়টি নিয়ে ‘বড় ডাক্তারে’র খপ্পরে পড়ে প্রাণ গেল রোগীর— শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতেই হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।