হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে ডিসি ফরিদার কঠোর নির্দেশনা

ভূমি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি, দুর্নীতি বা দালালের দৌরাত্ম্যের শিকার না হন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় ফরিদা খানম বলেন, নাগরিকরা ভূমি অফিসে কোনো ব্যক্তির কাছে নয়, রাষ্ট্রের কাছে সেবা নিতে আসেন। তাই সেবা নিশ্চিত করা সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও নৈতিক বাধ্যবাধকতা।
নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবা নির্ধারিত সময়সীমার মধ্যে নিষ্পত্তির তাগিদ দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
ভূমি অফিসগুলোকে সম্পূর্ণ দালালমুক্ত রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, ঘুষ, অনিয়ম, ফাইল আটকে রাখা বা দালালের মাধ্যমে সেবা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি ভূমি সেবাগ্রহীতাদের সঙ্গে মানবিক আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ভূমি উন্নয়ন কর আদায়ে সাফল্য
মতবিনিময় সভায় জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে ঢাকা জেলায় সাধারণ খাতে ভূমি উন্নয়ন করের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ কোটি ৭০ লাখ ৭২ হাজার ২৮০ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯৩ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৮৬ টাকা, যা অর্জিত লক্ষ্যমাত্রার ১১০ দশমিক ৬ শতাংশ।
এ ছাড়া সংস্থার ভূমি উন্নয়ন কর বাবদ ২৬ কোটি ১১ লাখ ১১ হাজার ১৬০ টাকা এবং অর্পিত সম্পত্তির লিজমানি বাবদ ৮ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ১২৫ টাকা রাজস্ব আদায় হয়েছে। এই সাফল্যের জন্য সহকারী কমিশনার (ভূমি), তহসিলদারসহ মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক।



