Advertisement

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে অভিযান

এশিয়া পোস্ট প্রতিবেদক
অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে অভিযান
ছবি : এশিয়া পোস্ট

রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে অবৈধ হাইড্রোলিক হর্ন ও অনুমোদনবিহীন হুটারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান অভিযানস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন ধরনের যানবাহনে ব্যবহৃত অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

অভিযান চলাকালে ট্রাফিক পুলিশের সদস্যরা বিভিন্ন যানবাহন থামিয়ে তাদের ব্যবহৃত হর্ন ও শব্দ উৎপাদনকারী সরঞ্জাম পরীক্ষা করেন। একই সঙ্গে চালক ও যানবাহনের মালিকদের সঙ্গে কথা বলে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। অপ্রয়োজনীয় ও উচ্চশব্দের হর্ন ব্যবহার থেকে বিরত থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়।

ছবি : এশিয়া পোস্ট
ছবি : এশিয়া পোস্ট

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্যই ক্ষতিকর নয়, এটি জনস্বাস্থ্য ও নগরজীবনের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। রাজধানীতে বসবাসরত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপি ট্রাফিক বিভাগ বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও জানান, রাজধানীতে শব্দদূষণ রোধে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলমান রয়েছে। সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহনের চালক ও মালিকদের আইন মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল এবং জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে ট্রাফিক পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।