logo

সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মোহাম্মদ রাহাত (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, বিকেলের দিকে খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় গিয়ে রাহাতকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, রাহাত ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং মাদকাসক্ত ছিলেন। তিনি ওই এলাকাতেই থাকতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, নিহতের বাবার নাম মৃত রেজাউল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় শনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান এসআই মাহমুদুল হাসান।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।