ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের সরকার লাইসেন্স দেবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সড়কের ফুটপাত ব্যবহার যেন অনুপযোগী হয়ে না পড়ে সেজন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেলের সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, যেকোনো ধরনের ব্যবসা করতে অবশ্যই সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। ফুটপাতে ব্যবসা করলেও আইনি প্রক্রিয়ায় তা করতে হবে।
তিনি বলেন, ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত করতে সবার সহযোগিতা প্রয়োজন। অল্প জায়গায় অধিক দোকান যাতে বসতে না পারে সেজন্য গাইডলাইন দেওয়া হবে।
আবদুস সালাম বলেন, ঢাকা মহানগরীর নাগরিক সব সুবিধা তখনই পাওয়া সম্ভব হবে যখন জনগণ এবং সিটি করপোরেশন ফিফটি ফিফটি কাজ করবে।
তিনি বলেন, প্রতিটি নাগরিককে রাজপথে কিছু না ফেলার শপথ নিতে হবে। তাহলেই রাষ্ট্রের মুখমণ্ডল ঢাকাকে পরিষ্কার রাখা সম্ভব।
এ সময় চিকুনগুনিয়া ও ডেঙ্গু আসার আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।