ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪২টি মামলা করা হয়েছে। এ ছাড়া অভিযানে মাদকদ্রব্য, অস্ত্র, গুলি, বিদেশি সিগারেট ও অন্যান্য আলামত জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৪০, ওয়ারীতে ৯২, মতিঝিলে ৪৯, তেজগাঁওয়ে ১৯৬, মিরপুরে ২৬৩, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৪০ এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।
অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, একটি কলকি, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল, ১৪৯ ক্যান বিয়ার ও ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়।
এ ছাড়া একটি মোটরসাইকেল, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, ৯টি মোবাইল ফোন ও নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়েছে। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
