logo

মোবাইলে লুডু খেলা নিয়ে সহকর্মীর ছুরিকাঘাতে নির্মাণশ্রমিক নিহত

মোবাইলে লুডু খেলা নিয়ে সহকর্মীর ছুরিকাঘাতে নির্মাণশ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জে মোবাইলে লুডু খেলা নিয়ে সহকর্মীর ছুরিকাঘাতে আব্দুল মান্নান (২৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৭ জুন) দুপুর ১২টার দিকে দয়াগঞ্জে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে।

আব্দুল মান্নান বরগুনা সদর উপজেলার আব্দুল হাইয়ের ছেলে। বর্তমানে পরিবারসহ গেন্ডারিয়ার নামাপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি এক কন্যাসন্তানের বাবা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বোন চায়না আক্তার জানান, তার ভাই নির্মাণশ্রমিক ছিলেন। তিনি সহকর্মী রাজন, দেলু ও মহসিনের সঙ্গে বসে মোবাইলে লুডু খেলছিলেন। একপর্যায়ে মোবাইল নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিরোধের জেরে রাজন ধারালো অস্ত্র দিয়ে মান্নানের মাথায় আঘাত করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা মান্নানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।