logo

কর্মস্থলের জেনারেটর রুমে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

কর্মস্থলের জেনারেটর রুমে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

নিখোঁজের চার দিন পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে বিজয় (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই অফিসে ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন কড়াইল বস্তিতে। 

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জেনারেটর ঘর থেকে বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বোন রুমা খাতুন জানান, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না বিজয়ের। এ ঘটনায় বনানী থানায় একটি জিডি করা হয়। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) বলেন, নিখোঁজের ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানানো হয়নি।

তিনি আরও বলেন, রোববার রাত ৯টার দিকে প্রতিষ্ঠানটির অ্যাডমিন ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের একটি বদ্ধ জেনারেটর ঘর থেকে উপুড় হয়ে থাকা অবস্থায় বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়। বিজয়ের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির অ্যাডমিন-ম্যানেজারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন কারখানার পিয়ন রাজু সঙ্গে জেনারেটর রুমে প্রবেশ করেছিলেন বিজয়। পরে রাজু বের হয়ে এলেও বিজয় বের হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পিয়ন রাজু পলাতক এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।