logo

অনুমতি ছাড়া মদপানে ২৩ জন গ্রেপ্তার, ডিবির হুঁশিয়ারি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
অনুমতি ছাড়া মদপানে ২৩ জন গ্রেপ্তার, ডিবির হুঁশিয়ারি
ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর উত্তরার নেট বারে অনুমতি ছাড়া মদপানের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিসি)। এ সময় প্রতিটি বারে হুট করেই অভিযান হবে এবং অনুমতি ছাড়া কেউ মদ খেলেই গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডিবি।

উত্তরা ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবীর।

অভিযানকালে দেখা যায়, সাদাপোশাকে বারের চারপাশে অবস্থান নেন ডিবি পুলিশের কর্মকর্তারা। বার থেকে মদপান করে বের হওয়ামাত্রই একে একে আটক করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মদপানের অনুমতি ছিল না, এমন ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মদপানকারীদের দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে তাদের ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়ার জন্য রওনা দেন গোয়েন্দা সদস্যরা।

অভিযান প্রসঙ্গে ডিসি ইলিয়াস কবীর এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা আগে গোয়েন্দা নজরদারি করেছি। পরে নেস্ট বারের বাইরে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছি। যাদের মদপানের অনুমতি ছিল না।’

এক প্রশ্নের জবাবে ডিসি ইলিয়াস বলেন, 'আমরা হুট হাট করে প্রতিটি বারেই অভিযান দিব। কোনো বারই বাদ যাবে না। কেউ পারমিট ছাড়া মদ খেতে পারবে না। পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার হবে।'

এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।