‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত ব্যাক্তির নাম মো. আলম শেখ। জানা যায়, তিনি বেশ কয়েকবার স্ট্রোক হওয়ার কারণে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে (আলম শেখ) ‘শিশু চোর’ বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনেরা আলম শেখের কাছে তার হাসপাতালে আসার কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তখন শিশুদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন।
মারধরে আলম শেখের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। ঘটনার পর ৯৯৯ নম্বরে খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে আলম শেখের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরিবারের ভাষ্য অনুযায়ী, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। মস্তিষ্কে বেশ কয়েকটি স্ট্রোক হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে পরিবারের সাথে আলাপ চলমান রয়েছে।



