পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীর পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. রাজন সরদার ও মো. ফয়সালুর রহমান ওরফে ফয়সাল নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আক্তার হোসেন।
আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা সড়কে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পল্লবী থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে রাজন ও ফয়সালকে আটক করা হয়।
তিনি আরও জানান, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি তরবারি, একটি স্টিলের খুর, একটি খেলনা পিস্তল ও একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্লবী থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


