রিকশাকে ট্রাফিক আইনের আওতায় আনতে বললেন পিংক বাসের চালক

নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাসে’র এক নারী চালক বলেছেন, রাজধানীর সড়কে রিকশা ও অন্যান্য ছোট যানবাহনের উল্টো পথে চলাচলের কারণে বাস চালানো কঠিন হয়ে পড়ে। এসব যানবাহনকে ট্রাফিক আইনের আওতায় আনা সম্ভব হলে নারী চালকদের জন্য পথচলা অনেকটাই সহজ হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নতুন এই বাস চালানোর সময় তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।
তিনি বলেন, রিকশা যে উল্টো দিকে আসে, তখন দেখা যাচ্ছে ওই সব রিকশাওয়ালাকে যদি নিয়ম-কানুন মানানো হয়, তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। এটা নারীদের জন্য নারীবান্ধব একটা প্রজেক্ট। এখানে নারীরাই চালক এবং নারীরাই কন্ডাক্টর। নারীদের জন্য এটা খুব ভালো একটা সার্ভিস আমি মনে করি।
সড়কের চ্যালেঞ্জ নিয়ে এই নারী চালক বলেন, বাস চালানো তো অবশ্যই চ্যালেঞ্জ আছে। আমরা এই সেবাকে সামনে এগিয়ে নেব এবং চ্যালেঞ্জ না হলে তো আমরা প্রমাণ করতে পারব না যে একজন নারী দক্ষ চালক হতে পারে, এত বড় একটা পরিবহন কন্ট্রোল করতে পারে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জের হলেও আমরা পজিটিভলি নিচ্ছি।
তিনি আরও বলেন, ট্রাফিক নিয়মগুলো যদি আমরা মানতে পারি, তাহলে আমরা অবশ্যই সব বিপদ থেকে রক্ষা পাব।
নতুন বাস সার্ভিস চালুর ফলে নারীদের কর্মসংস্থান বেড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস সার্ভিস যেমন বাড়বে, তেমনিভাবে আমাদেরও কর্মসংস্থান বাড়বে।
অনুভূতি জানিয়ে তিনি বলেন, এই কাজের মধ্যে অনেক নারী দায়িত্বে থাকবেন। আমি নিরাপদে এতগুলো মা-বোনকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারব, এটার যে অনুভূতি, তা ভেবেই আমি আনন্দিত।
সরকারের চলমান উদ্যোগকে স্বাগত জানিয়ে পিংক বাসচালক বলেন, সরকার নারীদের জন্য এই উদ্যোগ নেওয়ায় অনেক সাধুবাদ জানাই। এর মাধ্যমে নারীদের যাতায়াতব্যবস্থা যেন আরও নিরাপদ হয়।



