logo

শাহজাহানপুরে টিনশেড বাসা থেকে মরদেহ উদ্ধার

শাহজাহানপুরে টিনশেড বাসা থেকে মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর শাহজাহানপুর থানাধীন উত্তর শাহজাহানপুর এলাকার একটি টিনশেড বাসা থেকে আব্দুল ফারুক (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ঠিকাদারের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে তার পরিবার।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনজুরুল আলম জানান, দুপুর ১২টার দিকে উত্তর শাহজাহানপুরের একটি টিনশেড দোতলা বাসা থেকে আব্দুল ফারুকের মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, স্বজনদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, আব্দুল ফারুক ঠিকাদারের সহকারী হিসেবে কাজ করতেন। সকালে কোনো এক সময় বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্ত্রী আছিয়া আক্তার জানান, তার স্বামী ঠিকাদারের সহকারী হিসেবে কাজ করতেন। তিনি নিজেও বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। শনিবার সকালে কাজ শেষে বাসায় ফিরে তিনি দরজা বন্ধ দেখতে পান। পরে দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। ঘরে প্রবেশ করে তিনি তার স্বামীকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল ফারুকের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চরখোয়াজপুর গ্রামে। তিনি মৃত আব্দুল হামিদের ছেলে। উত্তর শাহজাহানপুরের ৩৪ নম্বর বাসার একটি টিনশেড ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করতেন।