logo

মশা নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ ছিটাবে ডিএনসিসি

মশা নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ ছিটাবে ডিএনসিসি

ঢাকা মহানগরীতে ক্রমবর্ধমান মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রতিদিন তিনবার মশক নিধনের ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকর ও জোরদার করতে বিশেষ কুইক রেসপন্স টিমও (কিউআরটি) গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) থেকে ওষুধ প্রয়োগের নতুন এই সময়সূচি কার্যকর হচ্ছে। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সকালে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালিত হবে এবং বিকেল ও সন্ধ্যার পাশাপাশি অঞ্চলভেদে রাত্রিকালীন ফগিং কার্যক্রমও পরিচালনা করা হবে। এভাবে দিনে অঞ্চলভেদে তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশার প্রজনন ও বিস্তার নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও মশক নিধন কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সকল স্বাস্থ্য কর্মকর্তাকে সরেজমিনে অঞ্চলভিত্তিক মশক নিধন টিমগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিউআরটি টিমের মাধ্যমে হটস্পটগুলোতে বিশেষ অভিযান পরিচালনা এবং কিউলেক্স মশার জন্মস্থান নালা- নর্দমা, স্যুয়ারেজ লাইন, জলাশয়, খাল-বিলের হালনাগাদ তালিকা প্রস্তুত করে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল মশক নিধন কর্মীদের উপস্থিতি ও কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও মাঠ পর্যায়ে তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা মেনে চলা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, তা নিশ্চিত করার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।