বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে রমিজউদ্দিন আহমেদ সভাপতি এবং মো. মাজম আলী খান মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা ট্যাক্সেস বার হলরুমে অনুষ্ঠিত বিটিএলএ-এর ৩৯তম সাধারণ সভায় এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে ১১ জন ভাইস প্রেসিডেন্ট ও ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পদে মোট ৩১ জন অফিস বিয়ারার (কর্মকর্তা) নির্বাচিত হয়েছেন।
কমিটির ভাইস প্রেসিডেন্টরা হলেন ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটির (চট্টগ্রাম) আলহাজ মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।
কমিটিতে এডিশনাল সেক্রেটারি জেনারেল পদে মো. আবু নাসের মজুমদার এবং ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হয়েছেন।
ডেপুটি সেক্রেটারি জেনারেলরা হলেন ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটির (চট্টগ্রাম) মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গীর আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।
এ ছাড়া অর্গানাইজিং সেক্রেটারি পদে মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি পদে এম এ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে মো. নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি পদে মো. জামালউদ্দিন নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাট ট্যাক্সেস বার থেকেও প্রতিনিধিরা জায়গা পেয়েছেন। বর্তমানে সারা দেশে ৪২ হাজারের বেশি কর আইনজীবী রয়েছেন।
দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় রমিজউদ্দিন আহমেদ বলেন, আমাকে টানা দ্বিতীয় মেয়াদের মতো বিটিএলএ-এর প্রেসিডেন্ট নির্বাচিত করায় দেশের সব সম্মানিত ট্যাক্স ল’ইয়ারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই সম্মান, মর্যাদা, দায়িত্ব ও অর্জন সবই সারা দেশের ট্যাক্স ল’ইয়ারদের প্রাপ্য বলে আমি মনে করি। দীর্ঘ পেশাজীবনের শেষপ্রান্তে এসে সহকর্মী ট্যাক্স আইনজীবীদের কল্যাণে নিজেকে অভিভাবক হিসেবে উৎসর্গ করব, ইনশাআল্লাহ। দেশের কর আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে আমি সব সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পেশাগত মানোন্নয়নে এনবিআরের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশের রাজস্ব আহরণ বৃদ্ধি ও করদাতাদের স্বার্থ রক্ষায় বিটিএলএ জোরালো ভূমিকা রাখবে। সংগঠনটিকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রচেষ্টার অংশ হিসেবে ইতোমধ্যে এনবিআর চেয়ারম্যানের বরাদ্দ করা একটি নতুন অফিসরুমও আমরা পেয়েছি। নতুন কমিটি ট্যাক্স আইনজীবীদের স্বার্থ, পেশার মর্যাদা ও সংগঠনের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
