Advertisement

ধানমন্ডি থেকে ৮৯ লাখ টাকার চোরাই স্বর্ণ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
ধানমন্ডি থেকে ৮৯ লাখ টাকার চোরাই স্বর্ণ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার, যার বাজারমূল্য প্রায় ৮৯ লাখ টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানার একটি দল ২৭ নম্বর সড়কের মোগল কাবাবের সামনে চেকপোস্ট বসায়। খবর ছিল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনা স্বর্ণের একটি চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগের দিকে নেওয়া হবে।

একপর্যায়ে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গোবিন্দ মন্ডল (৫২) ও রাজন চন্দ্র সরকারকে (৩৫) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার।

পুলিশের হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৮৮ লাখ ৯৪ হাজার ১৬০ টাকা। জব্দ করা হয় ঢাকা মেট্রো-হ-৬৩-৯৪৫১ নম্বরের একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন, বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা স্বর্ণ পাচারের উদ্দেশ্যে তারা বহন করছিলেন।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। চক্রটির সঙ্গে আর কারা জড়িত এবং স্বর্ণের চালানটি কার কাছে পৌঁছানোর কথা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।