Advertisement

কামরাঙ্গীরচরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
কামরাঙ্গীরচরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ নাজিম জানান, রাত আটটার দিকে কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অচেতন অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহত যুবকের শরীরে কালো জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ বা কারা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি বলেন, আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলে আশা করছি।