ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩২

এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩২
ছবি : এশিয়া পোস্ট

রাজধানীজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫০ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৯ জন, মিরপুর বিভাগ থেকে ১০৭ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা বিভাগ থেকে ৩৭ জন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে গ্রেতার করেছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মিরপুর বিভাগ থেকে সর্বাধিক ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬টি ইয়াবা ট্যাবলেট এবং ৩২ গ্রাম হেরোইন। এছাড়া একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন এবং একটি স্ট্যান্ড ফ্যানও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।