একটি দলের সেক্রেটারির আছে ৭০০ অটোরিকশা, দাবি ডিএনসিসি প্রশাসকের

ঢাকার সড়কে নিষিদ্ধ বা অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচলের দাবির পেছনে একটি রাজনৈতিক দলের উসকানি ও স্বার্থ কাজ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি দাবি করে বলেন, ওই দলের সেক্রেটারি জেনারেলের নিজস্ব ৭০০ অটোরিকশা রয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে ‘জুলাই গ্রাফিতি রিমেক’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, সাধারণ মানুষ কেউ ঢাকার সড়কে অটোরিকশা চলাচলের আন্দোলনের পক্ষে নয়। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল দাবি করছেন সরকার যেন অটোরিকশা চলাচলের সুযোগ দেয়, যা অত্যন্ত হাস্যকর। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানা যায়, ওই নেতার নিজেরই ৭০০ অটোরিকশা রয়েছে।
নগরীর পরিস্থিতি অস্থিতিশীল করতে উসকানি দেওয়ার অভিযোগ তুলে শফিকুল ইসলাম খান বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকে দিয়ে ষড়যন্ত্র করছে।
নগর সৌন্দর্যবর্ধন ও গ্রাফিতি অঙ্কন প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক জানান, ৭২ ঘণ্টার ব্যবধানে মেট্রোরেলের পিলার থেকে যাবতীয় পোস্টার অপসারণ করে গ্রাফিতি আঁকা হচ্ছে। এতে কোনো রাজনীতিকরণ করা হবে না; বরং দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অবদান রাখা ব্যক্তিদের ছবি ও স্মৃতি এতে ফুটিয়ে তোলা হবে।
পাশাপাশি নগরীর যেখানে ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংস্কার করে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসক।