নগর ভবনে দোকান নিয়ে দ্বন্দ্ব, টাকা ফেরত চাইতে এসে খেলেন মার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে দোকান নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুন্দরবন স্কয়ার মার্কেটের দোকান মালিক সমিতির নেতা নাজমুলের কাছে চাঁদপুরের মতলবের আব্দুর রহমান দোকান নেওয়ার আশায় টাকা দেন। আব্দুর রহমানের দাবি, দোকান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নেওয়া হয়। সোমবার নাজমুল নগর ভবনে আসছেন এমন খবর পেয়ে আব্দুর রহমান লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন এবং টাকা ফেরত চান। এ সময় নাজমুল ও তার শ্বশুরসহ তাদের সহযোগীরা আব্দুর রহমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
আব্দুর রহমান বলেন, দোকান নেওয়ার জন্য সহায়-সম্বল বিক্রি করে টাকা দিয়েছি। আজ টাকা ফেরত চাইতে এসে হামলার শিকার হলাম। তবে অভিযোগ অস্বীকার করে নাজমুল বলেন, সে আমার দোকানের মালিকানা দাবি করছে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়।
সিটি করপোরেশনের নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।