logo
Advertisement

এক বছরে ২১৭৯ জনকে প্রশিক্ষণ দিয়েছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট

এশিয়া পোস্ট প্রতিবেদক
এক বছরে ২১৭৯ জনকে প্রশিক্ষণ দিয়েছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত আস-সুন্নাহ ক্যারিয়ার সামিটে প্রশিক্ষক ও অতিথিরা। ছবি: আস-সুন্নাহ ফাউন্ডেশন সৌজন্যে

ঢাকায় আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আস-সুন্নাহ ক্যারিয়ার সামিট-২০২৬।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে বিভিন্ন কোর্সের বর্তমান শিক্ষার্থী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যালামনাই এবং প্রশিক্ষকদের অংশগ্রহণে সামিটটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজনে মার্কেটিং ও উদ্ভাবন, সেলফ ব্র্যান্ডিং ও ডিজিটাল উপস্থিতি, ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন, পেশাগত ক্যারিয়ার প্রস্তুতি এবং ইন্টারভিউ কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের অভিজ্ঞ পেশাজীবী, উদ্যোক্তা ও করপোরেট বিশেষজ্ঞরা প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন। সেশন পরিচালনাকারীদের মধ্যে ছিলেন আসিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল, লাইফ ও বিজনেস কোচ জাভেদ পারভেজ, স্টারকম বাংলাদেশের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ সারওয়ার বিন আনিস এবং টু সেন্টারস পডকাস্টের নাফিস সালিম প্রমুখ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ২০২৪ সালে প্রায় ১৩ কোটি টাকা বিনিয়োগ করে ২ হাজার ১৭৯ জনকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তরা পরবর্তী এক বছরে সম্মিলিতভাবে প্রায় ৪২ কোটি টাকা আয় করেছেন।

অনুষ্ঠানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ বলেন, আমাদের অধিকাংশ শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে উঠে আসা। তাদের অনেকেরই এ ধরনের মানসম্পন্ন প্রফেশনাল সেশন ও অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে শেখার সুযোগ খুবই সীমিত। প্রশিক্ষণের মাধ্যমে তাদের যে দক্ষতা অর্জনের সুযোগ করে দিচ্ছি, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সেই দক্ষতাকে আরও সময়োপযোগী ও বাস্তবমুখী করে তুলতে চাই।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের যোগাযোগ ও উন্নয়ন বিভাগের প্রধান ফারিদ উদ্দিন খান বলেন, আমরা চাই, একজন শিক্ষার্থী শুধু একটি কোর্স শেষ করেই থেমে না থাকুক; বরং তার জন্য একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক, মেন্টরশিপ এবং পরবর্তী পর্যায়ের শেখার সুযোগ তৈরি হোক। আজকের সামিট সেই ধারাবাহিকতারই একটি অংশ।

ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান ফারিদ উদ্দিন খান।