logo

কমলাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

কমলাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

মেয়ের বাড়ি যাওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন আসমা ভূঁইয়া (৫৫) নামের এক নারী।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুর রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. মমিন জানান, তারা সপরিবারে দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় বসবাস করেন। সকালে কমলাপুর থেকে ট্রেনে করে নারায়ণগঞ্জে মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশে তারা স্টেশনে আসেন। ট্রেন ছাড়ার মুহূর্তে ওঠার চেষ্টা করলে আসমা পা পিছলে নিচে পড়ে যান। এ সময় ট্রেনের ধাক্কায় ও নিচে কাটা পড়ে তিনি গুরুতর আহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আসমা ভূঁইয়া চার মেয়ের জননী ছিলেন। মেয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথেই এই দুর্ঘটনা তার প্রাণ কেড়ে নিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।