logo

আলফাডাঙ্গায় হত্যা মামলার আসামি যাত্রাবাড়ীতে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
আলফাডাঙ্গায় হত্যা মামলার আসামি যাত্রাবাড়ীতে
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঢাকার যাত্রাবাড়ী থেকে ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মো. উকিল শেখকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এসআরবি-১০ জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার তপন সরকার জানান, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার টগরবন্দ এলাকায় পূর্ববিরোধের জেরে রবিউল ইসলাম ওরফে পাইচু শেখসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়। এসময় উকিল শেখসহ কয়েকজন দেশীয় ধারাল অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে হামলা চালান বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

হামলায় রবিউল ইসলাম, মোক্তার বিশ্বাস, হৃদয় শেখ ও লিটন খান গুরুতর আহত হন। একপর্যায়ে রবিউল ইসলামকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রবিউল ইসলামের ভাতিজা মো. নাজমুল শেখ বাদী হয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।

এসআরবি-১০ কর্মকর্তা তপন সরকার জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মো. উকিল শেখকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উকিল শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বড়ভাগ এলাকার মৃত সোলায়মান শেখের ছেলে।

এসআরবি-১০ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।