logo
Advertisement

মহানবীর (সা.) জীবনী নিয়ে এভেরোজ স্কুলে সীরাহ এক্সিবিশন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মহানবীর (সা.) জীবনী নিয়ে এভেরোজ স্কুলে সীরাহ এক্সিবিশন
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার সীরাহ এক্সিবিশন। শনিবার স্কুলের ক্যাম্পাসে। ছবি: এশিয়া পোস্ট

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার উদ্যোগে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে সীরাহ এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্কুলের প্রধান ক্যাম্পাসে ‘দ্য সিলড নেক্টার: ইকোস অব দ্য প্রফেটিক লিগ্যাসি’ শীর্ষক শিরোনামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও শিক্ষাকে ১৩টি থ্রিডি মডেলের মাধ্যমে উপস্থাপন করেন। এসব মডেলের মাধ্যমে সীরাহর বিভিন্ন অধ্যায় ও ঘটনাকে সৃজনশীলভাবে তুলে ধরেন তারা। আগত শিক্ষার্থী, দর্শনার্থী ও অভিভাবকদের উপস্থাপনার মাধ্যমে প্রতিটি প্রদর্শনীর সঙ্গে পরিচয় করিয়ে দেন শিক্ষার্থীরা।

প্রদর্শনীতে দেখা যায়, প্রায় সাড়ে চৌদ্দশ বছর আগের মহানবী (সা.)-এর সময়ের কাবাঘর, গারে হেরা, জাবালে রহমত, মসজিদে নববি, মহানবীর (সা.)-এর শোবার ঘর, বদর যুদ্ধের অবস্থা, উহুদের প্রান্তর, খন্দক খনন এবং হুদাইবিয়া সন্ধির দৃশ্যপটসহ তৎকালীন সময়ের নানা চিত্র তুলে ধরা হয়েছে। সবগুলো চিত্রই নানা উপাদান দিয়ে শিক্ষার্থীরা চিত্রায়িত করেছেন। এসব চিত্রে ফুটে উঠেছে, প্রায় সাড়ে চৌদ্দশ বছর আগে মক্কা ও মদিনা এবং মহানবীর (সা.) জীবনের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলো কেমন ছিল।

অনুষ্ঠান উদ্বোধন করেন এভেরোজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. আতাউর রহমান মিয়াজী, সংসদ সদস্য মারদিয়া মমতাজ, ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের ড. ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম, অনলাইন গ্রুপের চেয়ারম্যান এবং স্কুলে ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, স্কুলের প্রিন্সিপাল ডালিয়া নওরিন, ভাইস প্রিন্সিপাল মাহসিনা মমতাজ মারিয়া ও খাদিজা আফনি প্রমুখ।

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার সীরাহ এক্সিবিশন দেখছেন অতিথিরা। শনিবার স্কুলের ক্যাম্পাসে। ছবি: এশিয়া পোস্ট
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার সীরাহ এক্সিবিশন দেখছেন অতিথিরা। শনিবার স্কুলের ক্যাম্পাসে। ছবি: এশিয়া পোস্ট

অতিথিরা বলেন, আমাদের শিক্ষার্থীরা রাসুল (সা.)-এর জীবন ও দর্শন নিয়ে যে চমৎকার এক্সিবিশন করেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। একই সঙ্গে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া যে শিক্ষার্থীদের ইসলামিক জ্ঞান দানে অনন্য, তা প্রমাণিত হয়েছে।

সংসদ সদস্য মারদিয়া মমতাজ বলেন, এভেরোজ স্কুল এত সুন্দর একটা আয়োজন করেছে, কিছু কিছু জায়গা দেখে আমার চোখে পানি চলে এসেছে। এভাবে ইসলামকে দেখা, বোঝা, ইসলামের আদর্শ ও ঐতিহ্যকে জানা আমাদের জন্য দরকার। প্রত্যেকটা স্কুলে এ ধরনের কাজ করা উচিত।

স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া আধুনিক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং ইসলামি মূল্যবোধের সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করছে।

তিনি আরও বলেন, শিক্ষার মান এবং শিক্ষার্থীদের প্রতি অঙ্গীকার পূরণে আমরা বদ্ধপরিকর। তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, স্কুলটি যেন তাদের শিক্ষার গুণগত মান বজায় রেখে সত্যিকারের ভালো মানুষ তৈরির প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে।