রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সাকিবুল হাসান (১৪)।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাকিবুলে বাবা আব্দুল করিম জানান, আমার ছেলে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে বন্ধুদের সঙ্গে পুলিশ লাইন পুকুরে গোসল করার সময় ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল করিম বলেন, আমাদের গ্রামের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলায় নাইগাড়ি এলাকায়। বর্তমানে শান্তিবাগের ১৫০/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।