logo

রায়েরবাগে দুই গাড়ির প্রতিযোগিতার বলি মোটরসাইকেল আরোহী

রায়েরবাগে দুই গাড়ির প্রতিযোগিতার বলি মোটরসাইকেল আরোহী
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

রাজধানীর কদমতলীর রায়েরবাগে দ্রুতগতির দুই গাড়ির প্রতিযোগিতার মধ্যে পড়ে মো. আমিরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

আমিরুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমরান ফকির জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আমিরুল। এ সময় দ্রুতগতিতে চলা দুটি অজ্ঞাত গাড়ি পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে যাওয়ার সময় একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমরান ফকির বলেন, আমিরুলের পকেটে থাকা ভোটার আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে শ্যামপুরের ফরিদাবাদের ৪৪২/২ নম্বর বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চিকিৎসকের বরাত দিয়ে আমিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।