শরীর থেকে মাথা আলাদা করে হত্যা করা হয় শিশু লামিসাকে

রাজধানীর পল্লবীতে মোছা. লামিসা নামের সাত বছরের এক শিশুকে গলাকেটে করে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে পল্লবীর ১১নং সেকশনের বি-ব্লকের ৩৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত লামিসা ওই এলাকার আব্দুল হান্নান মোল্লার মেয়ে। হত্যার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
পল্লবী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শিশু লামিসা তাদের পাশের ফ্লাটের মো. সোহেল নামের এক ব্যক্তির রুমে যায়। পরে সোহেল শিশুটিকে হত্যার পর পালিয়ে যায়।
ঘটনাস্থলে পল্লবী থানার পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এশিয়া পোস্টকে বলেন, সাত বছরের এক শিশুর শরীর থেকে মাথা আলাদা করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহেল নামের একজন পলাতক রয়েছে।
তিনি বলেন, তবে সোহেলের স্ত্রীকে আটক করা হয়েছে। হত্যার সময় সোহেলের স্ত্রীও সেখানে ছিল। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ডিসি মোস্তাক।


