তুরাগে চালককে জখম করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

রাজধানীর তুরাগে ধারালো অস্ত্র দিয়ে চালককে জখম করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মাহাবুব আলম (৩১), আশিক সরকার (২৫) ও আলমগীর হোসেন (৩৪)।
বৃহস্পতিবার (১১ জুন) ভোর সাড়ে ৫টার তুরাগের নয়ানীচালা প্রত্যাশা ব্রিজ সংলগ্ন মহাসড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ব্যাটারিচালিত রিকশা ও একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
পরে দুপুরে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, তুরাগে গ্যারেজ থেকে অটোরিকশার চালককে চাপাতি দিয়ে জখম করে রিকশাটি ছিনিয়ে নেয়। ওই সময় আশপাশের লোকজনের সহায়তায় মাহবুব নামের একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী রিকশাচালক বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে বিশেষ অভিযান চালিয়ে প্রত্যাশা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আশিক সরকার ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোস্তাফিজ বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া অটোরিকশা ও ছিনতাইকাজে ব্যবহৃত চাপাতি জব্দ করা হয়।