মাদক কারবারি ধরতে গিয়ে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল, রিভলবার ও গুলিসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১০ জুন) দুপুরে যাত্রাবাড়ীর র্যাব-১০ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। গতকাল মঙ্গলবার যাত্রাবাড়ীর ডেমরা কাজলারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন, কুমিল্লার মেঘনা উপজেলার করিমাবাদ গ্রামের মৃত চান মিয়ার ছেলে রবিউল ইসলাম (৪৫), মুন্সিগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জশলং গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে মাহবুব আলম মানিক (৩৮) এবং রাজধানীর ওয়ারীর সোল্ডার স্ট্রিটের মো. ইসরাইলের ছেলে নজরুল ইসলাম (৪৭)।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যাত্রাবাড়ীর ডেমরা কাজলারপাড় এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খালি খোসা জব্দ করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে ডেমরা কাজলারপাড় এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি পালানোর চেষ্টা করে। পরে প্রাইভেটকারটি ধরে ফেলে র্যাব।
প্রাইভেটকারে থাকা তিনজনকে আটক করা হয় জানিয়ে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খালি খোসা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা অস্ত্রধারী সন্ত্রাসী। তারা রাজধানীসহ ও আশপাশ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানান কামরুজ্জামান।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।
