শাহজালালে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে স্বজনের কাছে হস্তান্তর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ছয় বছর বয়সি এক শিশুকে উদ্ধার করে তার স্বজনের কাছে নিরাপদে হস্তান্তর করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মো. আশিকুজ্জামান সোমবার (২৭ জুলাই) বিকেলে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকালে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকা থেকে কান্নারত ও অভিভাবকবিহীন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুটি ইতালি প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ মাতব্বর (৬)।
উপ-পরিচালক আশিকুজ্জামান জানান, সকাল প্রায় ৯টা ২৫ মিনিটে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. মিজানুর রহমান শিশুটিকে একা ঘোরাফেরা করতে ও কান্নাকাটি করতে দেখে তাৎক্ষণিকভাবে নিরাপদ হেফাজতে নেন। পরে তিনি বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে অবহিত করলে শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে খোঁজ শুরু করা হয়। একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে তার স্বজনদের সন্ধান করা হয়।
একপর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা হয়। পরে শিশুটিকে ডিএসও অফিসে নিয়ে যথাযথ পরিচয় যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে তার মামার কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
শিশুটিকে ফিরে পেয়ে তার স্বজনরা আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা, মানবিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেনও জানান আনসার ভিডিপি কর্মকর্তা আশিকুজ্জামান।
.png)






