রাজধানীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূর্ব জুরাইনের নবীনবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন, কদমতলীর পূর্ব জুরাইনের মো. স্বপন (৩৭), মাগুরার সদরের মো. মনির (৩১), ঢাকার দোহারের জাহিদুল ইসলাম সিয়াম (২২) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার মো. আরিফ হোসেন (২৯)।
তপন সরকার জানান, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। জুরাইনের নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবন থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি সুইচ গিয়ার চাকু এবং খেলনাসদৃশ একটি পিস্তল জব্দ করেন তারা। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা ও মাদকসহ চারটি মামলা রয়েছে বলে জানান তপর সরকার। তিনি জানান, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এর ব্যবহারকারীদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।



