ডিএমপির তিন ওসিসহ ৫ পরিদর্শককে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় জানানো হয়, ডিএমপির শ্যামপুর থানার ওসি এম এ রউফ খান এবং রূপনগর থানার ওসি মনজুরুল হাসান মাসুদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানকে শ্যামপুর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে লাইনওয়ারের পরিদর্শক নোমান হোসেনকে রূপনগর থানার ওসি হিসেবে এবং পরিদর্শক মাহবুবুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।