logo

জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসতে দেব না: ডিএসসিসি প্রশাসক

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসতে দেব না: ডিএসসিসি প্রশাসক
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন ডিএসসিসি প্রসাশক আব্দুস সালাম। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর জিরোপয়েন্ট থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত সড়ক বা ফুটপাতে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

তিনি বলেন, বিকল্প হিসেবে আমরা মতিঝিলে বিকেলে নাইট মার্কেট চালু করেছি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়ম মেনে তারা সেখানে বসতে পারবেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনের নিচে ডিএসএসসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভাসমান যেসব দোকানদার রাস্তায় বা ফুটপাতে বসেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। মানবিক প্রধানমন্ত্রী চান, ঢাকা শহরে যারা যেভাবে আছেন, অন্তত কর্মসংস্থান হচ্ছে বা নিজেরা বেঁচে থাকতে পারছেন- কাজেই কখনও কোথাও উচ্ছেদ হবে না। তাদেরকে পুনর্বাসন করতে হবে। আমরাও সেটা করতে চাই। কিন্তু সব জায়গায় তো পুনর্বাসন করতে পারব না। সব জায়গা বা ফুটপাতে হকার বসাতে পারব না। সব এলাকার রাস্তা বন্ধ করে দিয়ে হকার বসানো যাবে না। আমরা এসব বিষয়ে ইতোমধ্যে পরিকল্পনা নিয়েছি। মন্ত্রণালয় থেকে আমাদেরকে নীতিমালা দিয়েছে, আমরা হকারদের সঙ্গেও কথা বলেছি, কয়েকদিনের মধ্যেই আমরা সেটার কার্যকর ব্যবস্থায় যাব।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, এই জিরোপয়েন্ট থেকে শুরু করে একদম সদরঘাট পর্যন্ত সড়ক ও ফুটপাতে কোনো হকার বসতে দেব না, এটা পরিষ্কার। হকাররাও একমত হয়েছেন যে এখানে তারা আর কেউ বসবেন না। কাজেই আমি বলব, তাদেরকে সরিয়ে দেওয়ার আগেই যেন তারা সেখান থেকে সরে যান।

তিনি বলেন, বিকল্প ব্যবস্থা হিসেবে যারা সিটি করপোরেশনের কাছে রেজিস্ট্রেশন করবেন, তাদেরকে মতিঝিল এলাকায় অফিস আওয়ারের পরে, বিকেল থেকে আমরা নাইট মার্কেট চালু করেছি। হকারদেরকে সেখানে বসার জন্য অনুরোধ করব। সপ্তাহে সাত দিন তাদেরকে বসাতে পারব না, এটা তাদেরকেও মানতে হবে। নিয়ম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টা তাদেরকে মানতে হবে। এ ব্যাপারে আমি সবার সহযোগিতা চাই।

বৃক্ষরোপণ অভিযান প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩ লাখ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে, এরই মধ্যে ৭০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।

ডিএসএসসির প্রশাসক আরও বলেন, দক্ষিণ সিটির বেশিরভাগ অংশ পুরান ঢাকায় অবস্থিত হওয়ায় এখানে পরিকল্পিত শহর গড়ে ওঠেনি। ফলে, যেখানে-সেখানে ভাসমান দোকান ও কল-কারখানা গড়ে উঠেছে। এসব ভাসমান ও ফুটপাতের দোকানগুলো পরিবেশ দূষিত করছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এসব দূষণ ঠেকাতে নানা উদ্যোগ হাতে নিয়েছে।