logo
Advertisement

ঢামেকের সামনে উদ্ধার কিশোরীর মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢামেকের সামনে উদ্ধার কিশোরীর মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩
কিশোরী হত্যার অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তি। ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক কিশোরীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত কিশোরীর নাম মিম আক্তার (১৫)। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পৌনে ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— এবিএম আব্দুর রাজ্জাক (৪৭), মো. ফয়সাল আহমেদ (৩৫) এবং রাহেমা খাতুন (২৯)।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের কাজ শুরু করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর রহস্য উদঘাটনে শাহবাগ থানার একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।

এ ঘটনায় ১৩ আগস্ট শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা মিম আক্তারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রেপ্তার এড়াতে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা ছেড়ে রাতারাতি সপরিবারে অন্যত্র আত্মগোপন করে বলে পুলিশের দাবি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।