logo

কড়াইল বস্তিতে ডিএনসির অভিযান, বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
কড়াইল বস্তিতে ডিএনসির অভিযান, বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার ১
ইয়াবাসহ গ্রেপ্তার আরিফ হোসেন। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর কড়াইল বস্তিতে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে এক হাজার ১০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) বনানী থানাধীন এরশাদ মাঠ, কড়াইল বস্তির টি অ্যান্ড টি কলোনি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় আরিফ হোসেন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় মনির হোসেন (৪৪) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।

ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক রাজিউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরিফ হোসেনের ‘আরিফ জেনারেল স্টোর’ নামের পূর্বমুখী সেমিপাকা এক কক্ষের মুদি দোকানে অভিযান চালানো হয়। তল্লাশিতে ১ হাজার ১০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৯০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও দুটি ভাঙা তালা উদ্ধার করা হয়। ডিএনসির দাবি, মনির হোসেনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

রাজিউর রহমান বলেন, মনির হোসেন কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা ও হেরোইন বিক্রির সঙ্গে জড়িত। এ ছাড়া ঢাকার বিভিন্ন মদের ওয়্যারহাউজ থেকে মদ সংগ্রহ করে বাসাবাড়িতে সরবরাহ এবং সীমান্ত দিয়ে ভারতীয় মদ চোরাচালানের সঙ্গেও তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে ডিএনসি।