কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে মো. তোরাব আলী (৭৩) নামে আজ এক কয়েদি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
কারারক্ষী মো. এরশাদ জানান, বিকেলের দিকে তোরাব আলী কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, তোরাব আলীর কেন্দ্রীয় কারাগারের হাজতি নাম্বার ১৬/এ। তিনি মানিকগঞ্জ সদরের চরহিজুলী এলাকার মৃত আলম খানের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।