সন্তানকে বিদায় জানাতে এসে বিমানবন্দরে অসুস্থ মা, পাশে দাঁড়ালেন আনসার সদস্যরা

প্রবাসী ছেলেকে বিদায় জানাতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান মোছা. সাজু বেগম (৪৫)। পরে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা তাকে উদ্ধার করে বিমানবন্দরের মেডিকেল সেন্টারে নিয়ে যান। চিকিৎসা শেষে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, ওই এলাকায় দায়িত্ব পালনকালে আন্তঃড্রাইভওয়ে এলাকার ইনচার্জ পিসি মো. দুলন মিয়া ও আনসার সদস্য মোছা. তাছলিমা আক্তার সাজু বেগমকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে বিমানবন্দরের অভ্যন্তরীণ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন।
এ সময় আনসার সদস্যরা সাজু বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং তার অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে তাদের অবহিত করেন। পরে পরিবারের সদস্যরা বিমানবন্দরে পৌঁছালে সাজু বেগমকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
