Advertisement

বিমানবন্দর মহাসড়কে পাম্প কর্মচারীকে পিস্তল ঠেকিয়ে সোয়া কোটি টাকা ছিনতাই

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিমানবন্দর মহাসড়কে পাম্প কর্মচারীকে পিস্তল ঠেকিয়ে সোয়া কোটি টাকা ছিনতাই
মোবাইলে ধারণ করা ছিনতাইয়ের দৃশ্য। ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর মহাসড়কে পাম্পের এক কর্মচারীকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

এরপর সোমবার (৯ আগস্ট) ছিনতাইয়ের ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ ও অভিযোগ পায় এশিয়া পোস্ট। বিমানবন্দর থানা পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এশিয়া পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিমানবন্দরের ডিএল ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন ও সিএনজি অপারেটর মো. সেলিমুজ্জামান একটি ব্যাগে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে পাম্প থেকে ব্যাংকের উদ্দেশ্যে একটি কাভার্ডভ্যানে রওয়ানা হন। ওই কাভার্ডভ্যানটি চালাচ্ছিলেন মো. খোরশেদ নামের এক চালক। তারা পাম্প থেকে বেরিয়ে বিমানবন্দরের ক্রাউন প্লাজার সামনে পৌঁছানো মাত্রই তিনটি মোটরসাইকেলে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরবর্তীতে গাড়িটি থামানো হলে মোটরসাইকেল থেকে নেমে ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে ও কুপিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় পাম্পের ম্যানেজার মো. আব্দুল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে হাতে থাকা অস্ত্র দেখিয়ে কাভার্ডভ্যানটি থামানোর সিগন্যাল দেয়। পরবর্তীতে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তাদের হাতে থাকা পিস্তল ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে সহকারী ম্যানেজার আল আমিনকে টাকার ব্যাগটি দিতে বলে। আল আমিন ব্যাগটি দিতে অস্বীকৃতি জানালে এক ছিনতাইকারী তার বুকে পিস্তল ঠেকিয়ে রাখে এবং আরেকজন তার বাম হাতের কনুই, তালু ও বাম পায়ে জখম করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

পাম্পের ম্যানেজার আব্দুল করিম জানান, ছিনতাইয়ের পর কর্মচারী সেলিমুজ্জামান, চালক খোরশেদ ও আশেপাশের লোকজনের সহায়তায় আহত আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার এশিয়া পোস্টকে বলেন, ওই পাম্প থেকে প্রতিদিন একই সময়ে এবং একই গাড়িতে করে ব্যাংকে টাকা নিয়ে যাওয়া হতো। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা আগে থেকেই ওৎ পেতে ছিল। গাড়িটি ইউ-টার্ন করার মুহূর্তে তারা গতিরোধ করে কুপিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়।

ওসি কামরুল হাসান আরও বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।