ধর্ষণের ঘটনার আগে নেশা করেছিলেন সোহেল

ঢাকার মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে ফরেনসিক রিপোর্ট সম্পন্ন হয়েছে। মৃত্যুর আগে রামিসাকে ধর্ষণেরও প্রমাণ মিলেছে ফরেনসিক রিপোর্টে। এ ছাড়া জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা দাবি করেছেন, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ জানান, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে। চার্জশিট প্রস্তুতির কাজ চলছে।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে গত ২০ মে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি কৌশলে শিশু রামিসাকে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর আলামত নষ্টের চেষ্টা করে পালিয়ে যান তিনি।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সর্বস্তরের মানুষ হত্যকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। গত ২১ মে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসা পরিদর্শন যান।
