logo

ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত হচ্ছে ১৮ বহুতল ভবন

ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত হচ্ছে ১৮ বহুতল ভবন
রাজধানীর দয়াগঞ্জস্থ পরিচ্ছন্নতাকর্মী নিবাস পরিদর্শন শেষে কথা বলেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি : এশিয়া পোস্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলো ভেঙে আধুনিক ও সুবিধাসংবলিত ১৮টি বহুতল আবাসন নির্মাণ করা হবে।

একই সঙ্গে ভবন নির্মাণকালীন বিকল্প আবাসন, গ্যাস-পানি সমস্যার সমাধান এবং শিশুদের জন্য খেলার মাঠ ও উপাসনালয় নিশ্চিত করতে ডিএসসিসি কাজ করছে বলে জানান তিনি।

বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর দয়াগঞ্জস্থ পরিচ্ছন্নতাকর্মী নিবাস পরিদর্শন শেষে উপস্থিত কর্মী ও স্থানীয় সুধীজনের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিদ্যমান ভবনগুলোর জরাজীর্ণ অবস্থার কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বর্তমান ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন ভবন নির্মাণের আগে বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। আপনারা যত দ্রুত সহযোগিতা করবেন, আমরা তত দ্রুত আধুনিক আবাসন নির্মাণ সম্পন্ন করতে পারব।’

তিনি আরও বলেন, ‘মিরনজিল্লা, ধলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলাসহ বিভিন্ন কলোনিতে ১৮টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন সাপেক্ষে দ্রুতই এর কাজ শুরু হবে।

বিশেষ নির্দেশনা ও ঘোষণা

মো. আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের অবদানের স্বীকৃতি দিয়ে বেশ কয়েকটি সুবিধার ঘোষণা দেন। এগুলো হলো—

নাগরিক সুবিধা: ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই সমান অধিকার পাবেন। আবাসন প্রকল্পে মন্দির ও শিশুদের খেলার মাঠ থাকবে।

বকেয়া বিল: কর্মীদের বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে এবং গ্যাস বিল ডিএসসিসির পক্ষ থেকে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।

বর্জ্য অপসারণ: আসন্ন ঈদুল আজহায় আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দেন তিনি।

সচেতনতার আহ্বান ও শহর পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রশাসক বলেন, “নাগরিকরা সচেতন না হলে শুধু পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। ড্রেন বা খালে ময়লা ফেলার কারণেই জলাবদ্ধতা তৈরি হয়। নগরবাসীকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।”

পরিদর্শনকালে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, স্থানীয় জনপ্রতিনিধিরা এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।