কমলাপুর যাত্রীবাহী ট্রেনের কোচের আগুন নিয়ন্ত্রণে

কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং ৬ মিনিটের মধ্যে, অর্থাৎ রাত ৯টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পাঠানো হয়। তাদের দ্রুত তৎপরতায় আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ, ক্ষতিগ্রস্ত ট্রেনটির নাম কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোচটিতে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। তাদের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা অনাকাঙ্ক্ষিতভাবে কোচটিতে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে।
ঘটনাস্থলে দেখা যায়, দেখতে দেখতে আগুনের শিখা দাউদাউ করে জ্বলে ওঠে এবং পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পার্শ্ববর্তী অন্যান্য বগিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে স্টেশন চত্বর ও আশপাশের লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
