logo
Advertisement

‘দৌড় দিবি না’ বলেই এলোপাতাড়ি গুলি, যুবক নিহত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
‘দৌড় দিবি না’ বলেই এলোপাতাড়ি গুলি, যুবক নিহত
হাসপাতালের স্ট্রেচারে সাগর খান ইমরানের নিথর দেহ। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তদের গুলিতে সাগর খান ইমরান নামে এক যুবক নিহত হয়েছেন।

Advertisement

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মো. জাকারিয়া (৩৩) নামে একজন আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের সরদার গলিতে গুলি ও খুনের এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত অবস্থায় ইমরানকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিব বলেছেন, গুলিতে হতাহতের ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।

এ বিষয়ে সাগর খানের স্ত্রী সোনিয়া খান বলেন, রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী ধলপুর এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমার স্বামীকে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক সাগর খানকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজনদের মাধ্যমে শুনতে পাই সন্ত্রাসীরা ‘ইমরান দৌড় দিবি না, দৌড় দিলে গুলি করব’ বলে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ইমরান ও জাকারিয়া গুলিবিদ্ধ হন।

তিনি আরও বলেন, আমাদের বাসা যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার হাকিম খানের ছেলে। তাকে কী কারণে গুলি করে হত্যা করেছে, আমি সঠিকভাবে বলতে পারব না।

গুলিবিদ্ধ আহত জাকারিয়া জানান, উত্তর ধলপুরে ছয় থেকে সাতজন হেলমেট পরিহিত ব্যক্তি ‘ইমরান দৌড় দিবি না’ বলে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় একটি গুলি এসে তার পায়ে বিদ্ধ হয়। তারা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল নিয়ে যায় বলে জানান জাকারিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত জাকারিয়ার বাঁ পায়ে ও ডান হাতে গুলি লেগেছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।