যাত্রাবাড়ীতে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় এক নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগে জনতার গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ৩টার দিকে যাত্রাবাড়ীর প্রধান সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মো. সবুজ মিয়া জানান, এক নারীর কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইয়ের অভিযোগে পালানোর সময় জনতা তাকে আটক করে মারধর করে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।



