কলাবাগানে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারা দেশ জুড়ে তোলপাড় শেষ না হতেই এবার কলাবাগানে আট বছরের আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া রুবেল (৬৩) নামের ওই বৃদ্ধ কারাগারে রয়েছেন।
শনিবার (২৩ মে) রাতে ডিএমপির কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঢেকে নিয়ে গতকাল শুক্রবার (২২ মে) কলাবাগান নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।
ওসি আশিক জানান, শুক্রবার (২২ মে) ভুক্তভোগী শিশুটির পরিবার একটি মামলা করেছেন। ওই মামলায় বৃদ্ধ রুবলকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৩ মে) আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া রুবেলের সার্কুলার রোডে বাড়ি আছে। তার স্ত্রী-সন্তান কেউ না থাকায় রুবেল তার ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন।
তারা বলেন, ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশীর সন্তান। ঘটনার দিন ফাঁকা বাড়ি পেয়ে ভুক্তভোগী শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে ঘরে ডেকে নেন। এরপর শিশুটির চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ ওই বৃদ্ধকে আটক করে পুলিশে দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দুলাল হক বলেন, গ্রেপ্তারের পর বৃদ্ধ রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু লামিসাকে ধর্ষণের পর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দেশ জুড়ে জোরালো আন্দোলন চলছে। এরই মাঝে ফের আটক বছরের আরেক শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটে।
